চুয়াডাঙ্গার জীবননগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও মিনাজপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মাহফুজুর রহমান ও বাঁকা গ্রামের শাহিনের ছেলে তন্ময়।
দুর্ঘটনায় আহত দুজনেরই বাম পা মারাত্মকভাবে জখম হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান মোটরসাইকেলযোগে মিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা তন্ময়ের মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেল আরোহীই গুরুতর আহত হন পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনেরই বাম পা মারাত্মকভাবে জখম হওয়ার বিষয়টি জানান।
এ বিষয়ে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। মোটরসাইকেল দুর্ঘটনায় মাহফুজুর রহমানের বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা হাসপাতালে পৌঁছান। এ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীই গুরুতর আহত হয়েছেন।
এমআইএম



