সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে না জড়ানোর পরামর্শ প্রভার

বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে না জড়ানোর পরামর্শ প্রভার

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওতে প্রভা নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। পাশাপাশি তরুণীদের উদ্দেশে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ভিডিও বার্তায় প্রভা- মেয়েদের কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে না জড়ানোর জন্য পরামর্শ দেন।

ভিডিওতে প্রভা বলেন, অনেক বিবাহিত পুরুষই মেয়েদের মন জয় করতে একঘেয়ে ও চেনা কিছু অজুহাত ব্যবহার করে। যেমন- স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না। সংসারে কোনো সুখ নেই। শুধু সন্তান বা সমাজের মুখের দিকে তাকিয়ে একসাথে থাকতে হচ্ছে। ইত্যাদি।

অভিনেত্রীর মতে, এই কথাগুলো আসলে এক ধরনের সাজানো ফাঁদ। কোনো মেয়েরই উচিত নয় এই ধরনের মায়া কান্না বা ম্যানিপুলেশনে পা দেওয়া। কারণ একবার এই ফাঁদে পা দিলে সারাজীবন অনুশোচনায় ভুগতে হতে পারে।

ভিডিওতে প্রভা জানান, তিনি নিজেও কিছুদিন আগে ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেই পুরুষটি প্রভার সামনে তাঁর বৈবাহিক জীবনের নানা অশান্তির কথা তুলে ধরে তাকে ম্যানিপুলেশন করার চেষ্টা করেছিল। তবে প্রভা সেই ফাঁদে পা না দিয়ে অত্যন্ত শক্ত ও স্পষ্ট অবস্থান নেন।

তিনি ওই ব্যক্তিকে সরাসরি জানিয়ে দেন:”আপনার সংসারে যদি সত্যিই এত সমস্যা থাকে এবং ডিভোর্সের প্রক্রিয়া যদি চলতেই থাকে, তবে আগে আইনিভাবে সেটি শেষ করে আসুন। সব চুকেবুকে যাওয়ার পর ভেবে দেখা যাবে আমরা একে অপরের যোগ্য কি না।”

প্রভার এমন অনড় অবস্থানের পর সেই ব্যক্তিটি বাইরে প্রভার নামে নেতিবাচক কথা ছড়াতে শুরু করে এবং তাকে ‘সাইকো’ বা মানসিক সমস্যাগ্রস্ত বলে আখ্যা দেয়। এতে অবশ্য প্রভার বিন্দুমাত্র আফসোস নেই। বরং তিনি হাসিমুখে বলেন, “আমি ‘সাইকো’ হিসেবেই সুখী। অন্তত আমি বেঁচে গেছি যে ওই সংসারে পা দিইনি।”

সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে যেসব পুরুষ মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাদের থেকে শুধু প্রেম নয়, বন্ধুত্ব থেকেও দূরে থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। নিজের আত্মসম্মান বজায় রেখে যেকোনো প্রলোভন থেকে মেয়েদের সচেতন থাকার অনুরোধ জানিয়ে তার বার্তা শেষ করেন প্রভা।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন