কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার মূল আসামি জমির উদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়।
বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে ‘এফবি আজুফা আক্তার মানু’ নামের একটি ফিশিং বোটে জলদস্যু জমির বাহিনীর হামলায় শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে কোস্ট গার্ড।

এর ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান এবং আলোচিত হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক জমির উদ্দিন (৪০) মহেশখালী থানার মাতারবাড়ি সাইরের ডেইল এলাকার শহর মল্লুকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাগরে দস্যুতা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



